তখন সে কসম খায়, বলে ‘কখনও ভিডিও কোথাও প্রচার করব না’

বাংলা টিভি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া রোমান্টিক গানের ভিডিও নিয়ে অবশেষে মুখ খুলেছেন আলোচিত ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। ভিডিওটি ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হওয়ার পর তিনি নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে বিষয়টির ব্যাখ্যা দেন।
পোস্টে মাদানী দাবি করেন, ভাইরাল হওয়া ভিডিওটি কোনো সম্পাদিত বা কৃত্রিম ভিডিও নয়। বরং প্রায় আড়াই বছর আগে সিলেটের একটি রিসোর্টে স্ত্রীকে গান শোনানোর সময় গোপনে ধারণ করা হয়েছিল ভিডিওটি। তার ভাষ্য অনুযায়ী, পরিচিত একজন ব্যক্তি পেছন থেকে ভিডিও ধারণ করেছিলেন এবং পরে সেটি প্রকাশ না করার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত সেই কথা রাখেননি।
তিনি আরও জানান, ওই ঘটনার কারণে দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া থেকেও বিরত ছিলেন। বিষয়টি এতদিন প্রকাশ না করলেও সাম্প্রতিক ভাইরাল হওয়ার পর তিনি তা সামনে আনেন।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ট্রল ও সমালোচনা শুরু হলে সে বিষয়েও প্রতিক্রিয়া জানান মাদানী। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষ ও কিছু সমালোচক তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করার চেষ্টা করছেন। একই সঙ্গে অতীতে বিভিন্ন চাপ ও নির্যাতনের মুখেও তিনি নিজের অবস্থান থেকে সরে যাননি বলেও উল্লেখ করেন।
স্ট্যাটাসের শেষ অংশে তিনি জানান, আদর্শ ও বিশ্বাসের জায়গা থেকে মানুষের কল্যাণ, ন্যায়বিচার এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলা চালিয়ে যাবেন। পাশাপাশি বিরোধীদের উদ্দেশ্যে ব্যক্তিগত আক্রমণের বদলে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভাবার পরামর্শও দেন।



