রাজনীতি

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুবদল নেতা বহিষ্কার

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে স্থানীয়ভাবে আটক হওয়া মিজানুর রহমান কফিলকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

সোমবার (১ জুন) রাতে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম দক্ষিণ জেলার পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান কফিলকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে রোববার (৩১ মে) দুপুরে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এক প্রবাসীর স্ত্রীর বাড়িতে স্থানীয়দের হাতে তিনি আটক হন বলে জানা যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভিডিওতে তাকে কয়েকজন স্থানীয়কে দ্বারা আটক অবস্থায় নিয়ে যেতে দেখা যায় এবং ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে লিখিত মুচলেকার মাধ্যমে প্রায় তিন ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ছিল। ঘটনার দিন তিনি ওই বাড়িতে গেলে স্থানীয়রা তাকে আটক করেন।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে মিজানুর রহমান কফিল দাবি করেন, বিষয়টি রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র। তিনি বলেন, তিনি আত্মীয়ের বাড়িতে লেনদেন সংক্রান্ত কাজে গিয়েছিলেন এবং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় এখনো আলোচনা ও উত্তেজনা বিরাজ করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button