বাংলাদেশ

খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এক পরিদর্শনকে ঘিরে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে মন্ত্রীর হাতে থাকা চামচের খাবারে পাশে থাকা এক চিকিৎসককে ফুঁ দিতে দেখা যায়, যা নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়।

গত ২৫ মে হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতালের রান্নাঘরে খাবারের মান যাচাই করেন। এ সময় তার সঙ্গে চিকিৎসক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। খাবার গরম থাকায় মন্ত্রী চামচে থাকা তরকারি ঠান্ডা করার জন্য ফুঁ দিচ্ছিলেন। ঠিক তখন পাশেই থাকা এক চিকিৎসকও একই চামচের দিকে ফুঁ দেন। ঘটনাটি ভিডিওতে ধারণ হয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা যায়, ভিডিওতে থাকা ওই ব্যক্তি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট ডা. জি আর এম জিহাদুল ইসলাম রিয়াজ। তিনি কুমিল্লার দেবীদ্বার উপজেলার খয়রাবাদ এলাকার বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসক হিসেবে কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি কক্সবাজার সদর হাসপাতাল, দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি চিকিৎসকদের পেশাজীবী সংগঠনের কার্যক্রমেও যুক্ত ছিলেন।

ঘটনা সম্পর্কে ডা. রিয়াজ বলেন, বিষয়টি নিয়ে এত আলোচনা হবে তা তিনি কল্পনাও করেননি। তার দাবি, খাবারটি অত্যন্ত গরম থাকায় সেটি ঠান্ডা করার উদ্দেশ্যেই তিনি ফুঁ দিয়েছিলেন। এতে অন্য কোনো উদ্দেশ্য ছিল না বলেও জানান তিনি।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও সংশ্লিষ্ট চিকিৎসক ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও স্বতঃস্ফূর্ত আচরণ হিসেবে ব্যাখ্যা করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button