
বাংলা টিভি ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় কথিত পুশইনের একাধিক চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনী জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
বিজিবির তথ্য অনুযায়ী, ঝিনাইদহ, যশোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, সিলেট ও নেত্রকোনাসহ বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় ভূখণ্ড থেকে কিছু ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তা প্রতিরোধ করে। কয়েকটি ক্ষেত্রে স্থানীয় জনগণও বিজিবিকে সহায়তা করেছে।
কিছু সীমান্ত এলাকায় ভারতীয় কর্তৃপক্ষের হেফাজতে থাকা ব্যক্তিদের বাংলাদেশে পাঠানোর প্রস্তুতির তথ্য পাওয়ার পর সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত সতর্কতা ও নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া সীমান্তের বিভিন্ন পয়েন্টে সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবি জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা ও দ্বিপক্ষীয় সমঝোতার বাইরে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা গ্রহণযোগ্য নয়। এ ধরনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
বাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে।



