চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে ‘পুশ ইন’, ফেরত পাঠানোর চেষ্টা বিজিবির

বাংলা টিভি ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। এদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশু রয়েছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি। নওগাঁ ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোর প্রায় ৩টার দিকে বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বাধীন ২০৩/৬-আর সীমান্ত পিলারসংলগ্ন এলাকা দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা এসব ব্যক্তিকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়।
খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে। তবে এখন পর্যন্ত পুশইন হওয়া ব্যক্তিদের পরিচয় ও তারা বাংলাদেশের কোন অঞ্চলের বাসিন্দা—সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
বিজিবির ভাষ্য অনুযায়ী, ওই ২৮ জন বর্তমানে সীমান্তের শূন্যরেখার ভেতরে অবস্থান করছেন। তাদের ভারতীয় কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
ঘটনার পর বিএসএফও সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে বলে জানিয়েছে বিজিবি। পরিস্থিতি মোকাবিলায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে ১৬ বিজিবির রহমানপুর কোম্পানি কমান্ডার ও নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।



