
বাংলা টিভি ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে দায়েরের জন্য করা একটি মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। হাম ও রুবেলা টিকা সময়মতো আমদানি না করার ফলে শিশুদের জীবন ঝুঁকির মুখে পড়েছে—এমন অভিযোগে মামলাটি করার আবেদন করা হয়েছিল।
সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত পর্যাপ্ত আইনি ভিত্তি ও গ্রহণযোগ্য উপাদান না পাওয়ায় আবেদনটি নাকচ করেন। আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকালে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল আদালতে মামলার আবেদন দাখিল করেন। আদালত তার বক্তব্য গ্রহণের পর আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রাখেন।
মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূস ও নূর জাহান বেগম ছাড়াও সাবেক স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরের নাম উল্লেখ করা হয়।
আবেদনে অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বে অবহেলা এবং সিদ্ধান্তগত ব্যর্থতার কারণে হামের টিকা আমদানিতে বিলম্ব ঘটে, যার ফলে বিপুলসংখ্যক শিশু আক্রান্ত হয়েছে এবং বহু শিশুর মৃত্যু হয়েছে। অভিযোগকারীর দাবি, এ ঘটনায় জনগণের মৌলিক স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার ক্ষুণ্ন হয়েছে।
আরও বলা হয়, বাংলাদেশ দীর্ঘদিন ধরে ইউনিসেফের মাধ্যমে হাম-রুবেলাসহ বিভিন্ন টিকা সংগ্রহ করলেও অন্তর্বর্তী সরকারের সময়ে সেই পদ্ধতি পরিবর্তন করে উন্মুক্ত দরপত্রের উদ্যোগ নেওয়া হয়। এতে টিকা সংগ্রহে দীর্ঘসূত্রতা তৈরি হয়ে সংকট দেখা দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
আবেদনে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের সতর্কবার্তার কথাও তুলে ধরা হয়। অভিযোগ অনুযায়ী, সম্ভাব্য টিকা সংকট সম্পর্কে আগাম সতর্ক করা হলেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
মামলার আবেদনে আরও দাবি করা হয়, ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত দেশে ৭৫ হাজারের বেশি শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং সরকারি হিসাব অনুযায়ী প্রায় ৬১০ শিশুর মৃত্যু হয়েছে। তবে এসব অভিযোগ আদালত মামলার জন্য যথেষ্ট ভিত্তি হিসেবে গ্রহণ করেননি এবং আবেদন খারিজ করে দেন।



