পুশ ইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলা টিভি ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারত থেকে কথিত ‘পুশ ইন’ প্রচেষ্টা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোরভাবে প্রতিহত করছে। একই সঙ্গে এ ধরনের কার্যক্রম বন্ধে বাংলাদেশ সরকার একাধিকবার ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে।
সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, প্রচলিত নিয়ম ও দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসরণ না করে কাউকে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে বাংলাদেশ ইতোমধ্যে ভারতকে ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, কোনো ব্যক্তি অবৈধভাবে অন্য দেশে অবস্থান করলে তাকে ফেরত পাঠানোর নির্দিষ্ট আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া অনুসরণ করেই ভারতকে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় এমন কর্মকাণ্ড দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে।
সাম্প্রতিক সময়ে সীমান্তে নারী, শিশু ও বিভিন্ন বয়সী মানুষকে ঠেলে পাঠানোর অভিযোগের প্রেক্ষাপটে দেশের ২৬টি সীমান্ত জেলায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। চার পালায় ২৪ ঘণ্টা সীমান্তে নজরদারি চালানো হচ্ছে। এ কাজে স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করছেন বলে জানা গেছে।
এদিকে এমন পরিস্থিতির মধ্যেই সোমবার নয়াদিল্লিতে শুরু হয়েছে বিজিবি ও বিএসএফের ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন, যা চলবে আগামী ১১ জুন পর্যন্ত।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের বৈঠকে অবৈধ পুশ ইন, সীমান্তে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা এবং সীমান্ত ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।



