সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ

বাংলা টিভি ডেস্ক: পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৮ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের ঘোষণা দেয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী শায়রুল হাসান। একই সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আবেদুর রহমান সিকদারকে। উভয়ের নিয়োগের মেয়াদ তিন বছর নির্ধারণ করা হয়েছে। তবে দায়িত্ব গ্রহণের আগে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র (এনওসি) নিতে হবে।
নবনিযুক্ত চেয়ারম্যান কাজী শায়রুল হাসান দীর্ঘদিন বেসরকারি ও আর্থিক খাতে কাজ করেছেন। তিনি বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অ্যাগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানি (সাবিনকো)-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে নতুন এমডি আবেদুর রহমান সিকদার বর্তমানে ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত রয়েছেন।
আমানতকারীদের অর্থ ফেরত দিতে সংকটে পড়া পাঁচটি ইসলামী ধারার ব্যাংক—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক—একত্র করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়।
ব্যাংকটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা মূলধন সরবরাহ করেছে, আর বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের আমানতকে শেয়ারে রূপান্তরের মাধ্যমে সংযোজন করা হয়েছে। গত বছরের ৩০ নভেম্বর ব্যাংকটি কার্যক্রম পরিচালনার অনুমোদন পায়।



