বাংলাদেশপ্রধানমন্ত্রী

রাজশাহী সিটি প্রশাসকের ফ্রান্স সফর নাকচ করলেন প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: রাজশাহী সিটি করপোরেশনের একটি প্রস্তাবিত ফ্রান্স সফরে প্রশাসকের অংশগ্রহণের অনুমোদন নাকচ করা হয়েছে। তবে একই সফরে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইটকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সড়ক বাতিতে বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি সম্পর্কে ধারণা নিতে ‘সিগনিফাই ফ্রান্স’-এর আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শনের জন্য এই সফরের প্রস্তাব দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট কোম্পানির আমন্ত্রণে এ ভ্রমণ পরিকল্পনা করা হয়।

সোমবার (৮ জুন) এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো সারসংক্ষেপে সিদ্ধান্ত দেওয়া হয়, সিটি করপোরেশনের প্রশাসক যেহেতু প্রকৌশলী নন, তাই তার এ সফর প্রয়োজনীয় নয়। অপরদিকে প্রকৌশল সংক্রান্ত জ্ঞান অর্জনের জন্য নির্বাহী প্রকৌশলীর অংশগ্রহণকে যুক্তিসংগত বলে অনুমোদন দেওয়া হয়।

নির্দেশনায় আরও বলা হয়, ভবিষ্যতে এ ধরনের প্রযুক্তি ও উদ্ভাবনী কাজে বুয়েটসহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করা উচিত।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সিটি করপোরেশনের বিদেশ সফর-সংক্রান্ত প্রস্তাবের ক্ষেত্রে এ ধরনের সীমিত ও লক্ষ্যভিত্তিক অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা যায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button