বাড়ছে না বিড়ির দাম

বাংলা টিভি ডেস্ক: আগামী ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে বিড়ির মূল্য ও এর ওপর প্রযোজ্য করহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার এক প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন। প্রশ্নে বিড়ির ওপর সুনির্দিষ্ট করহার বৃদ্ধি, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ পুনর্মূল্যায়ন এবং খুচরা মূল্য বৃদ্ধির বিষয়ে প্রস্তাব করা হয়।
জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সরকার আসন্ন বাজেটে বিড়ির বিদ্যমান মূল্য ও কর কাঠামোয় কোনো পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয়নি। ফলে আগামী অর্থবছরেও বিড়ির বর্তমান দাম ও করহার বহাল থাকবে।
সরকারের এ সিদ্ধান্ত অনুযায়ী, গত বছরের মতোই আগামী অর্থবছরেও বিড়ি খাতের কর ও মূল্য কাঠামো অপরিবর্তিত থাকছে।



