বাংলাদেশঅপরাধ

মাকে ভরণপোষণ না দেওয়া ও মারধর, ছেলে কারাগারে

বাংলা টিভি ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় মায়ের ভরণপোষণ না দেওয়া এবং তাকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে চাঁদপুরের বিচারিক আদালত এ আদেশ দেন। এর আগে সোমবার গভীর রাতে উপজেলার চেড়িয়ারা পাটোয়ারী বাড়ি এলাকা থেকে তাকে আটক করে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তি আবু ইউছুফ পাটোয়ারী (৩৫), তিনি উপজেলার চেড়িয়ারা এলাকার বাসিন্দা।

মামলার বিবরণ অনুযায়ী, তার মা রোকেয়া বেগম অভিযোগ করেন যে, ছেলে দীর্ঘদিন ধরে তার ভরণপোষণ, চিকিৎসা ও প্রয়োজনীয় দেখভালের দায়িত্ব এড়িয়ে চলছিলেন। পাশাপাশি বিভিন্ন সময় তার কাছে অর্থ দাবি করতেন এবং দাবি পূরণ না হলে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।

অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করতেন। এ বিষয়ে প্রতিবাদ করলে তাকে ও পরিবারের অন্য সদস্যদের গালিগালাজ ও মারধরের শিকার হতে হতো। স্থানীয়ভাবে একাধিকবার সালিসের উদ্যোগ নেওয়া হলেও সমস্যার সমাধান হয়নি।

গত ২ জুন বেলা সাড়ে ১১টার দিকে আবু ইউছুফ তার মাকে ভরণপোষণ ও চিকিৎসাসেবা দিতে অস্বীকৃতি জানিয়ে বাড়ি ছাড়ার কথা বলেন বলে অভিযোগ রয়েছে। এতে আপত্তি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে মাকে মারধর করেন এবং গলা চেপে ধরে হত্যার চেষ্টা করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

মাকে রক্ষা করতে এগিয়ে আসা তার মেয়ে হাওয়া বেগমও হামলার শিকার হন বলে অভিযোগে বলা হয়েছে। একই সঙ্গে বসতঘরের দরজা-জানালা, শোকেস ও আলমারি ভাঙচুর করে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

ঘটনার পর আহত মা ও মেয়ে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পরে রোকেয়া বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩-এর আওতায় দায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button