বাংলাদেশঅপরাধ

‘ট্রেনে ধূমপান করব, জরিমানা করেন’ রেলকর্মীকে বিএনপি নেতার হুমকি

বাংলা টিভি ডেস্ক: ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তনগর চট্টলা এক্সপ্রেস-এ ধূমপান নিষেধ করাকে কেন্দ্র করে এক রেলকর্মী ও যাত্রীর মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।

বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় ট্রেনটি চলাকালে এ ঘটনা ঘটে, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার ভিডিওতে দেখা যায়, ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি হাতে সিগারেট নিয়ে অবস্থান করছিলেন। এ সময় কর্তব্যরত এক রেলকর্মী তাকে ট্রেনে ধূমপান নিষিদ্ধ বলে সতর্ক করেন। তবে ওই যাত্রী কেন বাধা দেওয়া হচ্ছে—এ প্রশ্ন তোলেন এবং দরজার পাশে দাঁড়িয়ে ধূমপান করার কথা উল্লেখ করেন।

পরবর্তীতে ওই ব্যক্তি নিজেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া হিসেবে পরিচয় দিয়ে জানান, তিনি ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে সিগারেট ধরেছিলেন এবং বিষয়টি নিয়ে রেলকর্মীর আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

তিনি দাবি করেন, অন্য যাত্রীরাও সেখানে ধূমপান করছিলেন এবং বিষয়টি আরও ভদ্রভাবে জানানো যেত। অন্যদিকে রেল কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী ট্রেনের ভেতরে ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হলে বিষয়টি আইনগত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button