বাংলাদেশ

উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার

বাংলা টিভি ডেস্ক: প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমান।

সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি দুঃখজনক এবং এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে। বিষয়টি পর্যালোচনা শেষে বিস্তারিত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে রোববার সন্ধ্যায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান উপদেষ্টা জাহেদ উর রহমান। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।

তবে ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তাকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়া হয়। পরবর্তীতে উচ্চপর্যায়ের নির্দেশে অনুমতি দেওয়া হলেও তিনি আর ভারতে প্রবেশ না করে কলম্বো হয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন এবং সোমবার দুপুরে ঢাকায় ফেরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, বাংলাদেশ হাইকমিশন আগেই আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করেছিল। তবুও বিমানবন্দরে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে কূটনৈতিক পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button