বাংলাদেশ

‘কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা’

বাংলা টিভি ডেস্ক: বর্তমান বিশ্বব্যবস্থা ও মানুষের নৈতিক অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামিক বক্তা ও গবেষক শায়খ আহমাদুল্লাহ। সোমবার (১৫ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন, বিশ্বজুড়ে মানবিক মূল্যবোধের অবক্ষয় স্পষ্টভাবে দৃশ্যমান এবং মানুষ ক্রমশ মানবিকতা থেকে দূরে সরে যাচ্ছে।

পোস্টে তিনি ২০২২ সালের কাতার বিশ্বকাপের ব্যয়ের প্রসঙ্গ তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী, ওই আসরে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছিল। অন্যদিকে, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য উল্লেখ করে তিনি বলেন, তুলনামূলকভাবে অনেক কম অর্থ ব্যয় করেই বিশ্বের কোটি কোটি ক্ষুধার্ত মানুষের খাদ্যসংকট মোকাবিলা করা সম্ভব। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, যখন পৃথিবীর বহু মানুষ খাদ্যের অভাবে কষ্ট পাচ্ছে, তখন একটি ক্রীড়া আয়োজনকে ঘিরে বৈশ্বিক উন্মাদনা মানবিক অগ্রাধিকারের বিষয়টি নতুন করে ভাবতে বাধ্য করে।

পোস্টের মন্তব্য অংশে তিনি ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে কর্মক্ষেত্রে সম্ভাব্য প্রভাব নিয়েও কথা বলেন। একটি আন্তর্জাতিক জরিপের তথ্য উল্লেখ করে তিনি দাবি করেন, বিশ্বকাপ চলাকালে বিপুলসংখ্যক কর্মী তাদের কাজের সময়সূচিতে পরিবর্তন আনতে পারেন, যা উৎপাদনশীলতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তার মতে, অনেক কর্মী খেলা দেখার কারণে দেরিতে অফিসে আসা, আগেভাগে কর্মস্থল ত্যাগ করা কিংবা কর্মঘণ্টায় অনুপস্থিত থাকার মতো আচরণ করতে পারেন, যা করপোরেট খাতে আর্থিক ক্ষতির কারণ হতে পারে।

শায়খ আহমাদুল্লাহর এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। প্রকাশের অল্প সময়ের মধ্যেই হাজারো মানুষ এতে প্রতিক্রিয়া জানান এবং মন্তব্যের মাধ্যমে নিজেদের মতামত তুলে ধরেন। পোস্টটি ঘিরে সমর্থন ও সমালোচনা—উভয় ধরনের আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button