
বাংলা টিভি ডেস্ক: সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে তিনটি পৃথক মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১৫ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে মমতাজ বেগমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু। তিনি জানান, দুটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টা মামলায় তার মক্কেল জামিন পেয়েছেন।
মামলাগুলোর মধ্যে রয়েছে আশুলিয়ায় মনিরুজ্জামান হত্যা মামলা, মিরপুরের সাগর হত্যা মামলা এবং আশুলিয়ার একটি হত্যাচেষ্টা মামলা।
এর আগে গত বছরের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়।
রাজনীতির পাশাপাশি সংগীতাঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ মমতাজ বেগম সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশ নেন। তবে ওই নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ (টুলু)-এর কাছে পরাজিত হন।



