বাংলাদেশ

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

বাংলা টিভি ডেস্ক: সরকারের নতুন অনলাইন উপস্থিতি ব্যবস্থার কারণে রাঙামাটির বাঘাইছড়িতে এক প্রধান শিক্ষককে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে। মোবাইল নেটওয়ার্কের অভাবে বিদ্যালয় থেকে দূরের একটি পাহাড়ে উঠে, শেষ পর্যন্ত আমগাছের ডালে বসে তাকে অনলাইনে হাজিরা পাঠাতে হয়েছে।

সোমবার (১৫ জুন) রূপকারী ইউনিয়নের পাকুজ্জোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রতিদিন সকাল ৯টার মধ্যে হাজিরা খাতার ছবি তুলে অনলাইনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাতে বলা হয়েছে।

নির্দেশনার প্রথম দিনেই বিপাকে পড়েন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের। তিনি জানান, তার বিদ্যালয়টি দুই পাহাড়ের মাঝামাঝি নিচু এলাকায় অবস্থিত হওয়ায় সেখানে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না। বিদ্যালয়ের ছাদে উঠে চেষ্টা করেও কোনো সংযোগ না পেয়ে তিনি পাহাড়ের চূড়ায় যান। সেখানেও কাঙ্ক্ষিত নেটওয়ার্ক না মেলায় শেষ পর্যন্ত একটি আমগাছে উঠে সংযোগ পান এবং তখনই হাজিরা খাতার ছবি পাঠাতে সক্ষম হন।

তার ভাষ্য, অনেক চেষ্টা ও ঝুঁকি নেওয়ার পর অনলাইনে হাজিরা পাঠানো সম্ভব হয়েছে। তবে নির্ধারিত সময়ের কিছুটা পরে তথ্য পাঠানোয় তাকে কর্তৃপক্ষের তিরস্কারও শুনতে হয়েছে।

জীবনের ঝুঁকি নিয়ে এমন পরিস্থিতিতে হাজিরা পাঠানোর বিষয়ে তিনি বলেন, চাকরির দায়িত্ব পালন ও পরিবার চালানোর প্রয়োজনেই তাকে এমন ঝুঁকি নিতে হয়েছে।

এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্চয়ন চাকমা জানান, উপজেলার ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম দিনে ৮৮টি বিদ্যালয় থেকে অনলাইন হাজিরা পাওয়া গেছে। বাকি বিদ্যালয়গুলোর অনেকগুলোই নেটওয়ার্ক সমস্যার কারণে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠাতে পারেনি।

তিনি আরও বলেন, যেসব এলাকায় ফোর-জি নেটওয়ার্ক রয়েছে, সেখানকার শিক্ষকদের উপস্থিতি পাওয়া গেছে। নেটওয়ার্ক-সংকটপূর্ণ এলাকার শিক্ষকরা বিকল্পভাবে মোবাইল বার্তার মাধ্যমে তথ্য দিয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে এ ব্যবস্থার সঙ্গে সবাই আরও অভ্যস্ত হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button