ধর্ম

আলজেরিয়ার যে মসজিদে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু মিনার

আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগরের তীরঘেঁষা আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশ্বের অন্যতম আধুনিক ও দৃষ্টিনন্দন মসজিদ ‘জামিউল জাজাইর’। প্রায় চার লাখ বর্গমিটার এলাকা জুড়ে নির্মিত এই স্থাপনাটি মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববির পর বিশ্বের তৃতীয় বৃহত্তম এবং আফ্রিকার সবচেয়ে বড় মসজিদ হিসেবে পরিচিত।

আধুনিক স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও পরিবেশবান্ধব প্রযুক্তির অনন্য সমন্বয়ে গড়ে ওঠা এই মসজিদ ২০২১ সালে আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কার অর্জন করে। প্রায় ১.৪ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন হয় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে।

মসজিদটির সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো ২৩৫ মিটার উঁচু মিনার, যা বর্তমানে বিশ্বের সর্বোচ্চ মিনার হিসেবে স্বীকৃত। ৪৩ তলাবিশিষ্ট এই মিনারের ভেতরে রয়েছে ইসলামিক সভ্যতা জাদুঘর, গবেষণা কেন্দ্র, পাঠাগার, রেস্তোরাঁ এবং দর্শনার্থীদের জন্য অবজারভেশন ডেক।

জামিউল জাজাইরের মূল নামাজ কক্ষে একসঙ্গে প্রায় ৩৬ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। আর পুরো কমপ্লেক্সে একসঙ্গে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষের ধারণক্ষমতা রয়েছে। মসজিদের দেয়াল ও স্তম্ভজুড়ে খোদাই করা হয়েছে হাজার হাজার মিটার দীর্ঘ কোরআনের আয়াত ও ইসলামি ক্যালিগ্রাফি।

মসজিদটির আরেকটি বিশেষ আকর্ষণ হলো এর বিশাল ঝাড়বাতি, যা বিশ্বের অন্যতম বড় ঝাড়বাতিগুলোর একটি। ২৪ ক্যারেট সোনায় মোড়ানো এই ঝাড়বাতিতে ব্যবহার করা হয়েছে কয়েক লাখ স্বরোভস্কি ক্রিস্টাল।

পরিবেশবান্ধব নকশার অংশ হিসেবে কমপ্লেক্সটিতে সৌরশক্তি ব্যবহার, বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা এবং বিস্তীর্ণ ইসলামিক থিমভিত্তিক বাগান তৈরি করা হয়েছে। পাশাপাশি উন্নত ভূমিকম্প প্রতিরোধী প্রযুক্তি ব্যবহার করায় শক্তিশালী ভূমিকম্পেও স্থাপনাটি নিরাপদ থাকবে বলে দাবি করা হয়।

নামাজের স্থান হওয়ার পাশাপাশি জামিউল জাজাইর একটি আন্তর্জাতিক গবেষণা ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও কাজ করছে। এখানে রয়েছে উচ্চতর ইসলামি শিক্ষার প্রতিষ্ঠান, এক মিলিয়নের বেশি বইসমৃদ্ধ গ্রন্থাগার, আধুনিক অডিটোরিয়াম এবং বৃহৎ ভূগর্ভস্থ পার্কিং সুবিধা।

আধুনিক প্রযুক্তি, নান্দনিক স্থাপত্য এবং ইসলামি ঐতিহ্যের সমন্বয়ে জামিউল জাজাইর আজ শুধু আলজেরিয়ার নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের গর্বের এক অনন্য প্রতীক।

সংশ্লিষ্ট খবর

Back to top button