ফ্রান্সে ট্রাম্প-মোদির সাক্ষাৎ, চিরচেনা আলিঙ্গন অনুপস্থিত

আন্তর্জাতিক ডেস্ক: জি-৭ সম্মেলনের ফাঁকে দীর্ঘ ১৬ মাস পর আবারও সরাসরি সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সের এভিয়ঁ-লে-বঁ শহরে আয়োজিত সম্মেলনে মঙ্গলবার তাঁদের মধ্যে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় ও আলোচনা হয়।
তবে এবার মোদির স্বভাবসুলভ আলিঙ্গন দেখা যায়নি, যা আগের বৈঠকগুলোতে সাধারণত লক্ষ করা যেত। সাক্ষাতে দুই নেতা করমর্দন করেন এবং অল্প সময় কথা বলেন। আলোচনায় কী বিষয় উঠে এসেছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে বুধবার তাঁদের মধ্যে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই সংক্ষিপ্ত সাক্ষাৎই ভবিষ্যতের গুরুত্বপূর্ণ আলোচনার প্রাথমিক ভিত্তি তৈরি করেছে। সাম্প্রতিক সময়ে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক নানা ইস্যুতে টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে। এর মধ্যে বাণিজ্য শুল্ক, অভিবাসন নীতি এবং এইচ-১বি ভিসা ফি বৃদ্ধি অন্যতম।
সম্পর্কের অবনতির পেছনে আরও রয়েছে ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য। তিনি বারবার দাবি করেছেন, তাঁর হস্তক্ষেপেই দুই দেশের মধ্যে সংঘাত বড় আকার ধারণ করেনি—যদিও নয়াদিল্লি এ দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, বিষয়টি দুই দেশের পারস্পরিক আলোচনার ফল।
সম্প্রতি ওমান উপকূলে তিনটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক অভিযানে তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার ঘটনায় দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। এ বিষয়ে ভারত কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের কাছে উদ্বেগ জানায়।
তবে সাম্প্রতিক সময়ে দুই দেশ সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার পাশাপাশি প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে।
জি-৭ সম্মেলনে অতিথি দেশ হিসেবে যোগ দিতে বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন মোদি। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র—এই সাতটি শিল্পোন্নত দেশের জোট হলো জি-৭, যা বৈশ্বিক অর্থনীতি ও ভূরাজনৈতিক ইস্যুতে সমন্বয়ের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।



