বাংলাদেশ

দরজার সামনে কান্নার শব্দ, পলিথিন খুলতেই মিলল নবজাতক কন্যাশিশু

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতক কন্যাশিশু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার ভোলা সওদাগর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, সকাল আনুমানিক ১০টার দিকে একটি বাড়ির প্রধান দরজার সামনে রাখা একটি পলিথিন ব্যাগে নড়াচড়া লক্ষ্য করেন পরিবারের সদস্যরা। এরপর ভেতর থেকে কান্নার শব্দ শুনে তারা ব্যাগটি খুলে দেখেন সদ্য জন্ম নেওয়া একটি কন্যাশিশু সেখানে পড়ে আছে। শিশুটির শরীরে তখনো নবজাতকের নাভির চিহ্নও ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে বারইয়ারহাট পৌরসভার শেফা ইনসান হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে শিশুটির চিকিৎসা চলছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এস. এ ফারুক জানান, সকাল ১১টার দিকে স্থানীয়রা নবজাতকটিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর শিশুটির অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

এদিকে বিষয়টি সম্পর্কে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং শিশুটিকে পরিত্যাগের পেছনে কারা জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা নবজাতক শিশুটিকে এভাবে ফেলে গেছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button