এশার নামাজের পর আর বাড়ি ফিরলেন না কলেজ শিক্ষক

বাংলা টিভি ডেস্ক: নওগাঁর আত্রাই উপজেলায় এক কলেজ শিক্ষক নেয়ামুল বাশির (৪৮)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার শাহাগোলা রেলস্টেশন এলাকার পাশে রেললাইনের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নেয়ামুল বাশির আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন এবং নওগাঁ শহরের পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লার বাসিন্দা ছিলেন।
পরিবারের অভিযোগ, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রায় ১২ ঘণ্টা নিখোঁজ থাকার পর শিমুলিয়া গ্রামের রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের ভাই মিজানুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় শেষবারের মতো তিনি বড় ভাইয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। তখন তিনি আত্রাই রেলস্টেশন এলাকায় অবস্থান করছিলেন এবং এশার নামাজের পর বাড়ি ফেরার কথা ছিল। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরিবারের ধারণা, স্টেশন এলাকা থেকে নওগাঁ শহরের দিকে ফেরার পথে তাকে কোনো অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হতে পারে এবং পরে হত্যা করে মরদেহ রেললাইনের পাশে ফেলে রাখা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলেও দাবি স্বজনদের।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মরদেহের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে তিনি নিশ্চিত করেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।



