বাংলাদেশঅপরাধআইন-বিচার

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামে ৫ বছরের শিশু আয়াতকে অপহরণ ও হত্যার পর মরদেহ ছয় টুকরো করার মামলায় প্রধান আসামি মো. আবীরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আবীর আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সুরতহাল রিপোর্ট, ময়নাতদন্ত প্রতিবেদন, আলামত উদ্ধার এবং সাক্ষীদের সাক্ষ্য পর্যালোচনায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত সর্বোচ্চ শাস্তির রায় দেন।

আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত, নির্মম ও নৃশংস। এটি সমাজে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে বলেও পর্যবেক্ষণে বলা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৫ নভেম্বর চট্টগ্রাম নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় পাঁচ বছর বয়সী আয়াত ইসলাম নিখোঁজ হয়। পরে পিবিআই ছায়া তদন্ত শুরু করে।

তদন্তে উঠে আসে, ভাড়াটে আবীর মুক্তিপণের উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করেন। পরিকল্পনা ব্যর্থ হলে তাকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয় বলে তদন্তে জানা যায়। পরে ২৫ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি হত্যার দায় স্বীকার করেন।

তদন্ত শেষে ২০২৩ সালের ১০ অক্টোবর পিবিআই আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় মোট ৩৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করা হয়। অপর এক নাবালক আসামির বিচার পৃথক শিশু আদালতে চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button