বাংলাদেশসরকার

আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: গণতন্ত্রের বিকাশ ও রাষ্ট্রের অগ্রযাত্রায় দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, মতের ভিন্নতাকে সম্মান করার মধ্যেই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য নিহিত রয়েছে এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো গড়ে তুলতে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য।

শনিবার (২০ জুন) যশোরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত মাল্টিমিডিয়া, ফ্যাক্টচেকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অতীতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা বিভিন্ন ধরনের অপপ্রচারের শিকার হয়েছেন। তবে ক্ষমতায় এসেও তারা প্রতিহিংসার পথ বেছে নেননি; বরং সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, অতীতের রাজনৈতিক বাস্তবতায় অনেক সাংবাদিককে অনিচ্ছাসত্ত্বেও বিভ্রান্তিকর বা অসত্য তথ্য প্রকাশ করতে হয়েছে। বর্তমান পরিস্থিতিতে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলকে সন্তুষ্ট করার জন্য নয়, বরং তথ্যনির্ভর ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

যশোরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে প্রশাসন এবং গণমাধ্যমের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, অপরাধীদের শনাক্তকরণ ও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে প্রশাসনের নিজস্ব তথ্যভান্ডার এবং গণমাধ্যমের অনুসন্ধানী ভূমিকা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তুনু ইসলাম সুমিত।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন। সঞ্চালনায় ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা ও শহর এলাকার প্রায় ৭০ জন গণমাধ্যমকর্মী দুটি ব্যাচে অংশগ্রহণ করছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button