বাংলাদেশদুর্ঘটনা

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বাংলা টিভি ডেস্ক: কাতারের আল শাহানিয়া শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন ভারতীয় গাড়িচালকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

রোববার বাংলাদেশ সময় বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কাতারের স্থানীয় সময় অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে আল শাহানিয়া শহরের সামাল এলাকায় এ দুর্ঘটনা সংঘটিত হয়।

নিহতরা হলেন কানাইঘাট উপজেলার ৭ নম্বর দক্ষিণ বানিগ্রাম ইউনিয়নের গাছবাড়ি এলাকার আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা সবাই একসঙ্গে কর্মস্থলে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাসা থেকে বের হয়ে তারা একই গাড়িতে করে কর্মস্থলের উদ্দেশে রওনা হন। পথে আল শাহানিয়ার সামাল এলাকায় সড়ক দুর্ঘটনায় তাদের গাড়িটি ক্ষতিগ্রস্ত হলে ঘটনাস্থলেই পাঁচজন বাংলাদেশি এবং গাড়িচালক নিহত হন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের পাঁচজন প্রবাসীর মৃত্যু হয়েছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button