আন্তর্জাতিকইন্ডিয়া

বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বিক্ষোভ নিয়ে যা বলল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: গাইবান্ধার পলাশবাড়ীতে রামমন্দির নির্মাণ স্থগিতকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বিষয়টি নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশ সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, বিভিন্ন প্রতিবেদনে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং তাদের দেবতার অবমাননার অভিযোগের কথা উঠে এসেছে। এ ধরনের পরিস্থিতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এদিকে, বাংলাদেশে এ বিষয়টি নিয়ে সরকারের অবস্থানও তুলে ধরা হয়েছে। সোমবার সচিবালয়ে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, সরকার সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা এবং অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

সাক্ষাতে পলাশবাড়ীতে রামমন্দির নির্মাণ সংক্রান্ত বিষয় এবং এ নিয়ে চলমান বিতর্কের প্রসঙ্গ উত্থাপিত হলে তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে এমন কোনো বক্তব্য বা কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সব পক্ষের দায়িত্বশীল আচরণ প্রয়োজন। তিনি সংশ্লিষ্ট সকলকে সংযম প্রদর্শন এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানান।

পলাশবাড়ীর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে চলমান বিক্ষোভ ও প্রতিক্রিয়া এখনো আলোচনার বিষয় হয়ে রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button