
বাংলা টিভি ডেস্ক: দেশের বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে মোট ৪ কোটি লিটার ভোজ্যতেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় ধরা হয়েছে ৬৪৫ কোটি ৬ লাখ ৯৫ হাজার টাকা।
বুধবার (২৪ জুন) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, অনুমোদিত ক্রয়ের আওতায় ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন এবং ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনা হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয় উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ২ কোটি লিটার পাম অলিন কেনার সিদ্ধান্ত হয়। প্রতি লিটার ১৮৩ টাকা ৯৫ পয়সা দরে ঢাকার শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে এ তেল সরবরাহ করা হবে। এ খাতে ব্যয় হবে প্রায় ৩৬৭ কোটি ৯০ লাখ টাকা।
অন্যদিকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে আরও ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার এমসিজি ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেড থেকে প্রতি লিটার ১৬৪ টাকা ৭৭ পয়সা দরে এই তেল কেনা হবে, যার মোট ব্যয় দাঁড়াবে ২৭৭ কোটি ১৬ লাখ ৯৫ হাজার টাকা।
সব মিলিয়ে দুই ধরনের ভোজ্যতেল ক্রয়ে সরকারের মোট ব্যয় হবে ৬৪৫ কোটি ৬ লাখ ৯৫ হাজার টাকা।
এছাড়া একই বৈঠকে মসুর ডাল, সার এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার কয়েকটি প্রস্তাবও অনুমোদন পেয়েছে বলে জানা গেছে।



