নিউইয়র্কের রাজনীতির নতুন ‘নিয়ন্ত্রক’ মামদানি

আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্কের রাজনৈতিক অঙ্গনে ডেমোক্রেটিক পার্টির প্রচলিত ক্ষমতার কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রগতিশীল নেতা জোহরান মামদানি। সাম্প্রতিক প্রাইমারি নির্বাচনে তার সমর্থিত একাধিক প্রার্থীর সাফল্য তাকে দলের ভেতরে নতুন প্রভাবশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
মঙ্গলবার (২৩ জুন) অনুষ্ঠিত প্রাইমারি নির্বাচনে মামদানির সমর্থিত তিনজন বামঘরানার প্রার্থী উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন। বিজয়োৎসবে তিনি বলেন, গত বছরের রাজনৈতিক সাফল্য কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না; বরং এটি একটি বৃহত্তর পরিবর্তনের সূচনা।
এই ফলাফল ডেমোক্রেটিক পার্টির ভেতরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে দলের মূলধারার নেতাদের একটি অংশ মনে করছেন, মামদানির উত্থান তাদের দীর্ঘদিনের প্রভাবকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
কয়েকজন জ্যেষ্ঠ ডেমোক্র্যাট অভিযোগ করেছেন, মামদানি দলীয় ঐক্যের চেয়ে নিজের রাজনৈতিক অবস্থানকে বেশি গুরুত্ব দিচ্ছেন। একই সঙ্গে তার সমর্থিত প্রার্থীদের জয়কে কেন্দ্র করে দলীয় অভ্যন্তরে অস্বস্তি ও মতবিরোধ আরও স্পষ্ট হয়ে উঠেছে।
এদিকে পররাষ্ট্রনীতি, বিশেষ করে ইসরাইল-সংক্রান্ত বিষয়ে মামদানির অবস্থান নিয়েও সমালোচনা রয়েছে। তার কিছু বক্তব্য ও রাজনৈতিক প্রচারণা ইহুদি সম্প্রদায়ের একাংশ এবং কয়েকজন ডেমোক্র্যাট নেতার মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
তবে সমালোচনার মুখেও মামদানি ও তার সমর্থকরা নিজেদের অবস্থানে অনড়। তাদের দাবি, এই রাজনৈতিক ধারা প্রতিষ্ঠিত ক্ষমতাকেন্দ্রের স্বার্থ নয়, বরং সাধারণ মানুষের প্রতিনিধিত্ব ও অধিকার আদায়ের লক্ষ্যেই কাজ করছে।
বিশ্লেষকদের মতে, মামদানির নেতৃত্বে নিউইয়র্কে যে নতুন রাজনৈতিক প্রবণতা গড়ে উঠছে, তা ভবিষ্যতে ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
সূত্র: সিএনএন



