চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

বাংলা টিভি ডেস্ক: চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে দেশটিতে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশের শিল্প ও উৎপাদন খাতে বিনিয়োগ বাড়াতে চীনা উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, চীনা বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সহায়তা সহজলভ্য করতে খুব শিগগিরই চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় প্রতিষ্ঠা করা হবে। এর মাধ্যমে বিনিয়োগ-সংক্রান্ত যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন নতুন মাত্রা পেয়েছে। কূটনৈতিক ও উন্নয়ন সহযোগিতার গণ্ডি পেরিয়ে দুই দেশের সম্পর্ক বর্তমানে শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্বের দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। নতুন ব্যবসার লাইসেন্স অনুমোদনের সময়সীমা ১৫ দিনে নামিয়ে আনার পরিকল্পনার কথাও জানান তিনি।
বিদেশি বিনিয়োগকারীদের জন্য সমান সুযোগ, মুনাফা ও মূলধন দেশে ফিরিয়ে নেওয়ার সুবিধা এবং শক্তিশালী আইনি সুরক্ষার নিশ্চয়তা দিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশ এখন আন্তর্জাতিক বিনিয়োগের জন্য আরও প্রস্তুত ও উন্মুক্ত।
তিনি জানান, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল এবং মোংলায় দ্বিতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নকাজ দ্রুত এগিয়ে চলছে। এসব অঞ্চল বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, বন্দর সুবিধা, দক্ষ জনবল ও সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করবে।
নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, আধুনিক বস্ত্রশিল্প এবং ওষুধ শিল্পে বিনিয়োগের বিশেষ সুযোগ-সুবিধার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশের আগামী অর্থনৈতিক অগ্রযাত্রার অংশীদার হওয়ার আহ্বান জানান।



