বাংলাদেশ

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার

বাংলা টিভি ডেস্ক: সরকার কওমী মাদরাসার শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করা এবং শিক্ষার মান উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে কওমী মাদরাসা থেকে প্রায় ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংসদ সদস্য এনামুল হক এনাম।

শুক্রবার (২৬ জুন) দুপুরে পটিয়ার আল-জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসায় দাওয়াহ প্রশিক্ষণ ইনস্টিটিউটের নবনির্মিত একাডেমিক ও আবাসিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

এনামুল হক এনাম বলেন, কওমী শিক্ষার উন্নয়ন ও আধুনিকায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশের উন্নয়নে দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমান সরকার কারিগরি শিক্ষার সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে। দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে এবং পটিয়ায় একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগও গ্রহণ করা হবে।

মাদরাসার প্রধান পরিচালক মাওলানা মোহাম্মদ খোবাইবের সভাপতিত্বে অনুষ্ঠানে মীর গ্রুপের চেয়ারম্যান আবদুস ছালাম, শিল্পপতি শামসুল আলম, সালমা গ্রুপের চেয়ারম্যানসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কওমী শিক্ষার আধুনিকায়ন এবং ধর্মীয় শিক্ষার সঙ্গে কারিগরি ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার সমন্বয় নিয়েও আলোচনা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button