বাংলাদেশ

বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীন

বাংলা টিভি ডেস্ক: চীনের ১১টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বাংলাদেশে বিভিন্ন খাতে মোট ৯ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। বেইজিংয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব বিনিয়োগ প্রস্তাব তুলে ধরেন। বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান আশিক চৌধুরীও উপস্থিত ছিলেন।

বিডা চেয়ারম্যান জানান, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশে স্থিতিশীলতা ফিরেছে। এ ইতিবাচক পরিস্থিতি বিদেশি বিনিয়োগকারীদের কাছে তুলে ধরার ফলে তাদের আস্থা আরও বেড়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ প্রথমবারের মতো পাঁচ বছরের করনীতি-সংক্রান্ত পূর্বাভাস (ট্যাক্স আউটলুক) প্রকাশ করেছে, যা দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য ইতিবাচক বার্তা হিসেবে কাজ করবে।

প্রস্তাবিত বিনিয়োগের মধ্যে রয়েছে গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও উন্নয়ন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, মোংলা অর্থনৈতিক অঞ্চল ও লজিস্টিকস অবকাঠামো উন্নয়ন, স্মার্ট বিদ্যুৎ মিটার উৎপাদন, কোল্ড-চেইন সুবিধা, পুনর্ব্যবহৃত তুলা ও সুতা, লিথিয়াম ব্যাটারি, সৌরবিদ্যুৎ, ই-বর্জ্য পুনর্ব্যবহার, রেলগাড়ির যন্ত্রাংশ সংযোজন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিপিপি প্রকল্প, আধুনিক অ্যাপ্লাইড বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা শিল্পপার্ক নির্মাণ এবং চীনা ভেষজ উদ্ভিদ চাষ ও সংশ্লিষ্ট শিল্প স্থাপন।

সব মিলিয়ে এসব বিনিয়োগ প্রস্তাবের সম্ভাব্য মূল্য ৯ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলার, যা বাস্তবায়িত হলে দেশের অবকাঠামো, শিল্প, জ্বালানি, শিক্ষা ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button