বাংলাদেশ

প্রকৌশলী বদলিতে ‘৮-১০ লাখ টাকা দিতে হয় জায়গামতো’

বাংলা টিভি ডেস্ক: বরগুনার তালতলী উপজেলার তুলাতলী-নিউপাড়া সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগকে ঘিরে উপজেলা প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেনের একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওতে ঠিকাদারি কাজ অন্যের কাছে হস্তান্তর, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের প্রবণতা এবং বদলির ক্ষেত্রে অর্থ লেনদেনের প্রসঙ্গ উঠে আসায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভাইরাল অডিও অনুযায়ী, স্থানীয় সংবাদকর্মী সোহেল রানা সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য জানতে উপজেলা প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীর সঙ্গে কথা বলেন। আলোচনায় দাবি করা হয়, প্রকল্পটির মূল ঠিকাদার কাজটি অন্য একজনের কাছে হস্তান্তর করেছেন এবং বর্তমানে সাব-ঠিকাদারের মাধ্যমে কাজ চলছে।

কথোপকথনে উপজেলা প্রকৌশলী বলেন, বর্ষাকালে মাটি ফেলার কারণে কিছু সমস্যা হয়েছে এবং শ্রমিকদের কাজ হওয়ায় কিছু ত্রুটি থাকতে পারে। তিনি আরও উল্লেখ করেন, অনেক ক্ষেত্রে মূল ঠিকাদার কাজ অন্যের কাছে বিক্রি করে দেওয়ায় লাভের অংশ কমে যায়, ফলে কিছু সাব-ঠিকাদার নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করতে চান। জনবল সংকটের কথাও তুলে ধরে তিনি বলেন, পর্যাপ্ত তদারকির সুযোগ না থাকায় সব সময় অনিয়ম ঠেকানো সম্ভব হয় না।

অডিওর আরেক অংশে বদলির বিষয়ে তিনি বলেন, কোনো কর্মকর্তা যদি জোর করে অন্যত্র বদলি নিতে চান, তাহলে ‘জায়গামতো’ ৮ থেকে ১০ লাখ টাকা খরচ করতে হয়—এমন মন্তব্যও শোনা যায়। এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়ক নির্মাণে নিম্নমানের ইট, কাঁদামাটি ও বালু ব্যবহার করা হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কের কিছু অংশ নরম হয়ে যায়। তারা জানান, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

অন্যদিকে সংবাদকর্মী সোহেল রানা বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তিনি ভিডিও ধারণ করেন এবং পরে তথ্য সংগ্রহের সময় কর্মকর্তাদের সঙ্গে হওয়া কথোপকথনের একটি অংশ প্রকাশ করেন।

তবে উপজেলা প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেন দাবি করেছেন, তথ্য সংগ্রহের সময় সাংবাদিক গোপনে পুরো কথোপকথন রেকর্ড করেন। তার ভাষ্য, তিনি খোলামেলা আলোচনার অংশ হিসেবে বিভিন্ন বিষয় তুলে ধরেছিলেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button