জুলাই শহীদদের কবর জিয়ারত করলেন হাসনাত আবদুল্লাহসহ এনসিপি নেতারা

বাংলা টিভি ডেস্ক: জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ফেনীর সোনাগাজী থেকে শুরু হচ্ছে। কর্মসূচির উদ্বোধনের আগে বৃহস্পতিবার জুলাই শহীদদের কবর জিয়ারত করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা।
বিকেল ৫টার দিকে এনসিপির নেতারা সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামে যান। সেখানে ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর বাংলা মোটর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবদুর গণি বোরহানের কবর জিয়ারত করেন তারা।
এর আগে ফুলগাজী উপজেলার আনন্দপুর এলাকায় গিয়ে জুলাই আন্দোলনে ফেনীর মহিপালে নিহত ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবরেও শ্রদ্ধা জানান এনসিপি নেতারা। পরে দুপুরে হাসানপুর গ্রামের বাসিন্দা ও এনসিপির কেন্দ্রীয় সদস্য আহমেদ করিম চৌধুরী আমজাদের আমন্ত্রণে তার বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন তারা।
এ সময় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব শেহেরিন ইরা, কেন্দ্রীয় সদস্য দিলারা খানম, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বকর মজুমদার, যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মহিউদ্দিন রনি, ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত এবং সদস্যসচিব শাহ ওয়ালী উল্লাহ মানিকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার বিকেলে সোনাগাজী পৌর চত্বর থেকে এনসিপির দক্ষিণাঞ্চলের ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন হাসনাত আবদুল্লাহ।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি দেশব্যাপী ৩৬ দিনব্যাপী কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে দলটির কেন্দ্রীয় নেতারা বিভিন্ন জেলা সফর, জুলাই শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করছেন।



