বাংলাদেশ

গাইবান্ধায় ঘুমন্ত চাচাকে গলাকেটে হত্যা করল মাদকাসক্ত ভাতিজা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় শাহ জামাল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজা গোলাম হোসেনের (৩৫) বিরুদ্ধে।

রোববার (১২ জুলাই) সকালে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার (১১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ভারাদহ মাঝিপাড়া এলাকার হাফিজার পাগলার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত শাহ জামাল মিয়া মাঝিপাড়া গ্রামের জংলু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে শাহ জামাল নিজ বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন। এ সময় তার ভাতিজা গোলাম হোসেন ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্বজনরা জানান, গোলাম হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগে তিনি তার স্ত্রীকেও ধারালো অস্ত্র দিয়ে পায়ে আঘাত করেছিলেন। ওই ঘটনার পর তার স্ত্রী ঢাকায় চলে যান।

পরিবারের সদস্যদের দাবি, গোলাম হোসেনের এমন কর্মকাণ্ডের কারণে চাচা শাহ জামাল তাকে প্রায়ই শাসন করতেন। এ নিয়ে ক্ষোভ থেকেই তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন তারা।

ফুলছড়ি থানার ওসি দুরুল হোদা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button