বাংলাদেশ

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলা টিভি ডেস্ক: সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষা আন্দোলনের সৈনিক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ জুলাই) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তারেক রহমান বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের রাজনীতির একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা ও দক্ষতার সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি উল্লেখ করেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, সংসদীয় সংস্কৃতির বিকাশ এবং জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় জমির উদ্দিন সরকারের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আদর্শে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আজীবন অটল ছিলেন। রাজনৈতিক প্রতিকূলতা ও নানা চ্যালেঞ্জের মধ্যেও তিনি দলীয় আদর্শ ও দায়িত্বের প্রতি নিষ্ঠাবান ছিলেন।

গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, তার অবদান বিএনপির ইতিহাসের পাশাপাশি দেশের গণতান্ত্রিক সংগ্রামের ধারায়ও স্মরণীয় হয়ে থাকবে।

তারেক রহমান বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব ও দেশপ্রেমিক নাগরিককে হারিয়েছে। তার কর্মময় জীবন ও রাজনৈতিক আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী মহান আল্লাহর কাছে মরহুমের মাগফিরাত কামনা করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানান। একই সঙ্গে তার পরিবার, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button