বৃষ্টির ভোগান্তি নিয়েই অফিসমুখী কর্মজীবীরা, জলাবদ্ধতায় নাকাল রাজধানীবাসী

বাংলা টিভি ডেস্ক: সপ্তাহের প্রথম কর্মদিবসেই টানা ভারী বৃষ্টিতে বিপাকে পড়েছেন রাজধানীবাসী। রোববার (১২ জুলাই) সকাল থেকে থেমে থেমে চলা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ শ্রমজীবীদের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর ইসিবি চত্বর, মাটিকাটা, মানিকদী, নামাপাড়া, শাহজাদপুর, বাড্ডা, রামপুরা ও বনশ্রীসহ বিভিন্ন এলাকায় সড়ক ও অলিগলিতে হাঁটুপানি জমে গেছে। কোথাও কোথাও নিচতলার বাসাবাড়িতেও পানি ঢুকে পড়েছে। ফলে বাসা থেকে বের হয়ে মূল সড়কে পৌঁছাতেই নানা দুর্ভোগে পড়তে হয়েছে বাসিন্দাদের।
সকাল থেকেই বিভিন্ন সড়কে কর্মজীবী মানুষের চাপ বাড়তে থাকে। কেউ ছাতা, কেউ রেইনকোট পরে গণপরিবহণের অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন। আবার অনেকে বৃষ্টি থেকে বাঁচতে রাস্তার পাশের দোকান ও বিভিন্ন স্থাপনার নিচে আশ্রয় নেন। তবে যানবাহনের সংকট ও তীব্র যানজটের কারণে নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছানো নিয়ে উদ্বেগে ছিলেন অনেকে।
মোহাম্মদপুর থেকে কুড়িলে যাওয়ার অপেক্ষায় থাকা একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আবদুল্লাহ মামুন বলেন, বৃষ্টির কারণে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বেড়ে গেছে। অন্যদিকে বাসের সংখ্যাও কম থাকায় সময়মতো অফিসে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
মহাখালী বাসস্ট্যান্ডে গাজীপুরগামী বাসের অপেক্ষায় থাকা ব্যাংক কর্মকর্তা আরাফাত হোসেন বলেন, কয়েক দিনের বৃষ্টির মধ্যেও নিয়মিত অফিস করতে হচ্ছে। দীর্ঘ পথ, যানজট ও গণপরিবহণের সংকটে প্রতিদিনের যাতায়াত আরও কঠিন হয়ে উঠেছে।
স্কুলশিক্ষিকা সেলিনা পারভীন জানান, সকালে স্কুলে যাওয়ার জন্য বের হতে হয়েছে, কিন্তু বাসায় পানি ঢুকে গেছে। এদিকে রিকশা বা সিএনজিও পাওয়া যাচ্ছে না। অনেক কষ্ট করে গন্তব্যে যেতে হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনও রাজধানীবাসীকে বৃষ্টি ও জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হতে পারে।



