আন্তর্জাতিকইন্ডিয়া

জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করানোয় সাবেক এমপির বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে সাবেক সংসদ সদস্য বিনায়ক রাউত ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কুসংস্কার চর্চা, গৃহনির্যাতন ও মানসিক নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। তার পুত্রবধূ গিরিজা রাউত অভিযোগ করেছেন, তাকে জোর করে গোমূত্র পান করানো, তান্ত্রিক আচার পালনে বাধ্য করা এবং দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, থানে জেলার এ ঘটনায় পুলিশ বিনায়ক রাউত, তার স্ত্রী, ছেলে এবং স্থানীয় কাউন্সিলর গীতেশ রাউতের বিরুদ্ধে মহারাষ্ট্রের কুসংস্কারবিরোধী আইনে মামলা করেছে। একই মামলায় ফিরোজ ও কাজি নামের দুই কথিত তান্ত্রিকের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

অভিযোগে গিরিজা রাউত দাবি করেন, বিয়ের পর প্রায় সাত বছর ধরে তিনি মানসিক, সামাজিক ও আবেগগত নির্যাতনের শিকার হয়েছেন। স্বামীর কথিত বন্ধ্যাত্বজনিত সমস্যার সমাধানের কথা বলে তাকে বারবার তান্ত্রিকদের কাছে নিয়ে যাওয়া হতো বলে অভিযোগ করেন তিনি।

তার দাবি, এক পর্যায়ে তাকে জোর করে গোমূত্র পান করানো হয় এবং কুসংস্কারমূলক আচার পালনের অংশ হিসেবে তার মাথার চুল টেনে ছিঁড়ে নেওয়া হয়।

গিরিজা সাংবাদিকদের বলেন, রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে অভিযোগ করার সাহস তিনি দীর্ঘদিন পাননি। পরিবারের জ্যেষ্ঠ সদস্য হিসেবে বিনায়ক রাউত কখনো তার পাশে দাঁড়াননি বলেও অভিযোগ করেন তিনি।

এ ছাড়া স্বামীর বিরুদ্ধে দাম্পত্য সম্পর্ক এড়িয়ে যাওয়া, অপমান করা এবং বিভিন্ন সময় মানসিক চাপ দেওয়ার অভিযোগও করেছেন গিরিজা। তার ভাষ্য, পারিবারিক অনুষ্ঠান ও বিদেশ সফরেও তিনি একই ধরনের আচরণের শিকার হয়েছেন।

গিরিজা আরও অভিযোগ করেন, শ্বশুরবাড়ির অন্য সদস্যদের বিরুদ্ধেও মানসিক ও শারীরিক নির্যাতন, অশালীন আচরণ এবং গৃহনির্যাতনের অভিযোগ রয়েছে।

অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সাবেক এমপি বিনায়ক রাউত বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button