গ্রাম বাংলাদেশবাংলা

নীলফামারীতে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

নীলফামারী প্রতিনিধি (ডিজিটাল): নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাকের ধাক্কায় একটি ব্যাটারিচালিত ভ্যান দুমড়েমুচড়ে ভ্যানচালকসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়কের পাঙ্গা মটুকপুর-নদীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ডোমার উপজেলার নাদিয়াপাড়া এলাকার অলি বর্মনের ছেলে ভ্যানচালক পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রানি (২৮), তার দুই ছেলে পিতোসা (৮) ও যাদব (৪)। প্রতিমা, পিতোসা ও যাদব একই পরিবারের সদস্য।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, বিকেলে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যান ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ভ্যানচালক পরিমল বর্মনসহ চারজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত আরও দুজনকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দুর্ঘটনার পর মুহূর্তেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করেন। খবর পেয়ে ডোমার থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় যান চলাচল প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিল।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ডোমার থানা পুলিশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button