আন্তর্জাতিক

বাংলাদেশের বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের প্রতি মালদ্বীপের প্রেসিডেন্টের সমবেদনা

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: বাংলাদেশে চলমান মৌসুমি বন্যা ও ভূমিধসে প্রাণহানি, ব্যাপক ক্ষয়ক্ষতি এবং জনদুর্ভোগের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।

রবিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সরকার এবং দেশের জনগণের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানাচ্ছেন।

বার্তায় তিনি বলেন, চলমান দুর্যোগে যারা তাদের স্বজন হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি মালদ্বীপের জনগণের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা রইল। একই সঙ্গে বন্যা ও ভূমিধসের কারণে যাদের ঘরবাড়ি, জীবিকা ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, তাদের প্রতিও তিনি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।

প্রেসিডেন্ট মুইজ্জু আরও বলেন, এই দুর্যোগপূর্ণ সময়ে বাংলাদেশের জনগণের পাশে দৃঢ়ভাবে রয়েছে মালদ্বীপ। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর দ্রুত পুনরুদ্ধার এবং দুর্গত মানুষের নিরাপত্তা, শক্তি ও কল্যাণ কামনা করেন তিনি।

বাংলাদেশের চলমান প্রাকৃতিক দুর্যোগে মালদ্বীপের প্রেসিডেন্টের এই বার্তাকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button