বাংলাদেশ

বাড়ির মালিকের ঘুসিতে প্রাণ গেল ভাড়াটিয়ার

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর আজিমপুর এলাকায় বকেয়া বাসাভাড়া নিয়ে বিরোধের জেরে মো. স্বপন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) ভোরে লালবাগ রোডের ভাটা মসজিদসংলগ্ন মেডিকেল স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

ঘটনার পর বাড়ির মালিকের ছেলে ইসাদুল ইসলাম রিজভী (২৭) এবং তার চাচাতো ভাই সাদিফ ইসলাম রোহানকে (২২) আটক করেছে পুলিশ।

নিহতের বড় ভাই রাজা মোহাম্মদ সেলিমের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে ওই ভবনের নিচতলায় সাবলেট হিসেবে বসবাস করছিলেন। চলতি মাসের ভাড়ার এক হাজার টাকা বাকি থাকায় রোববার রাতে রিজভী টাকা দাবি করেন। তারা কয়েক দিনের মধ্যে বকেয়া পরিশোধ করবেন জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।

সেলিমের দাবি, সোমবার ভোরে রিজভী ও রোহান আবার তাদের কক্ষের সামনে এসে ভাড়ার টাকা নিয়ে তর্কে জড়ান। একপর্যায়ে তাকে ধাক্কা ও লাথি মারা হয় এবং তার ভাই স্বপনকে মারধর করে বাইরে নিয়ে যাওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ভাড়ার টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কির সময় স্বপন মাটিতে পড়ে মাথার পেছনে গুরুতর আঘাত পান। পরে অভিযুক্তরাই তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button