আন্তর্জাতিক

খামেনি হত্যার ‘প্রতিশোধের তালিকায়’ ট্রাম্পসহ ১৩ নেতা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকির পর সম্ভাব্য লক্ষ্য হিসেবে ১৩ জন বিদেশি নেতার নাম প্রকাশ করেছে দেশটির রক্ষণশীল সংবাদপত্র হামশাহরি। তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইউরোপের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নাম রয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য সংঘাতের প্রথম দিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ অভিযানে খামেনি নিহত হন বলে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়। এরপর তার ছেলে ও উত্তরসূরি হিসেবে পরিচিত মোজতবা খামেনি প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেন।

শনিবার প্রকাশিত এক বার্তায় মোজতবা খামেনি বলেন, প্রতিশোধ নেওয়া ইরানি জনগণের প্রত্যাশা এবং তা বাস্তবায়ন করা হবে। তবে তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করেননি।

এর কিছুক্ষণ পর তেহরান সিটি কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট হামশাহরি পত্রিকা একটি অনলাইন ইনফোগ্রাফিক প্রকাশ করে। সেখানে মোজতবা খামেনির বক্তব্যের সঙ্গে ১৩ জন বিদেশি নেতার ছবি যুক্ত করা হয়। তবে এই তালিকা ইরান সরকারের আনুষ্ঠানিক অনুমোদনপ্রাপ্ত কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

প্রকাশিত তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মেরৎস।

ইরান এর আগে অভিযোগ করে আসছে, যুদ্ধ চলাকালে ইউরোপের কয়েকটি দেশ তাদের ভূখণ্ডে হামলার নিন্দা জানায়নি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামরিক বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দিয়ে এসব দেশ হামলায় পরোক্ষভাবে সহযোগিতা করেছে বলেও তেহরানের অভিযোগ রয়েছে।

তবে প্রকাশিত তালিকার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button