নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক: দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ঘিরে সাম্প্রতিক ঘটনার বিষয়ে ভারতের ব্যাখ্যা গ্রহণ না করলেও, বাংলাদেশ আগামী ১৬ জুলাই নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিংয়ে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ বর্তমানে বিমসটেকের চেয়ারম্যান দেশ হওয়ায় বৈঠকে অংশগ্রহণ করা দেশের দায়িত্ব ও কূটনৈতিক অঙ্গীকারের অংশ।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামসুল ইসলাম। তার সফরের বিষয়টি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারত সরকারকে ইতোমধ্যে জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ডা. জাহেদ উর রহমানকে ঘিরে দিল্লি বিমানবন্দরের ঘটনার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ব্যাখ্যায় বাংলাদেশ সন্তুষ্ট নয় এবং সেটি গ্রহণ করেনি।
তবে এ সফরের সময় আয়োজক দেশ হিসেবে ভারত আন্তর্জাতিক কূটনৈতিক রীতি ও রাষ্ট্রীয় প্রটোকল যথাযথভাবে অনুসরণ করে কি না, তা বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এছাড়া প্রতিনিধি দলের সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় কূটনৈতিক সৌজন্য নিশ্চিত করার বিষয়েও ভারত সরকারকে অবহিত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এ সফরে ভারতের আচরণ ভবিষ্যতে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর ও আনুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হিসেবে মূল্যায়িত হবে।



