এবার রাস্তার ধারে প্রস্রাব করলেই দেখা যাবে বড় পর্দায়

আন্তর্জাতিক ডেস্ক: রাস্তার পাশে যেখানে-সেখানে প্রস্রাব, থুতু বা পানের পিক ফেলার প্রবণতা কমাতে নতুন এক উদ্যোগ নিয়েছে ভারতের আসাম রাজ্যের তিনসুকিয়া পৌরসভা। দীর্ঘদিন ধরে সচেতনতামূলক প্রচারণা, জরিমানা ও বিভিন্ন অভিযান চালিয়েও আশানুরূপ ফল না পাওয়ায় এবার প্রযুক্তিনির্ভর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
উদ্যোগের অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে বড় ডিজিটাল ডিসপ্লে বসানো হয়েছে। সিসিটিভি ক্যামেরায় কেউ রাস্তার পাশে বা দেয়ালে প্রস্রাব করতে ধরা পড়লে তার ছবি বা ভিডিও তাৎক্ষণিকভাবে ওই স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির আচরণ জনসমক্ষে তুলে ধরা হচ্ছে।
পৌরসভার এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘হল অব শেম’ (Hall of Shame)। কর্তৃপক্ষের বিশ্বাস, প্রকাশ্যে লজ্জিত হওয়ার আশঙ্কা মানুষকে এমন অসচেতন ও অস্বাস্থ্যকর অভ্যাস থেকে বিরত থাকতে উৎসাহিত করবে এবং শহরের পরিচ্ছন্নতা রক্ষায় ভূমিকা রাখবে।
এ উদ্যোগ ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছে। অনেকের মতে, শুধুমাত্র জরিমানার পরিবর্তে সামাজিক জবাবদিহিতা তৈরির এমন ব্যবস্থা নাগরিকদের আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
তবে বিষয়টি নিয়ে সমালোচনাও রয়েছে। নাগরিক অধিকারকর্মীদের একাংশের মতে, কোনো ব্যক্তির ছবি বা ভিডিও প্রকাশ্যে প্রদর্শন করা তার ব্যক্তিগত গোপনীয়তার অধিকার ক্ষুণ্ন করতে পারে। তাদের দাবি, পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এমন পদ্ধতি গ্রহণ করা উচিত, যাতে জনস্বার্থের পাশাপাশি নাগরিকের মৌলিক অধিকারও সমানভাবে সুরক্ষিত থাকে।
এখন দেখার বিষয়, তিনসুকিয়া পৌরসভার এই ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবে জনসমক্ষে অপরিচ্ছন্ন আচরণ কমাতে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে।



