কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচসহ পৌনে ১৩ লাখ টাকা

বাংলা টিভি ডেস্ক: নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা শাহি মসজিদের দানবাক্স খুলে এবার প্রায় ১২ লাখ ৮৭ হাজার টাকা, স্বর্ণালঙ্কার এবং বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টায় স্থানীয় প্রশাসন, মসজিদ পরিচালনা কমিটি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে দানবাক্স খোলা হয়। পরে আনুষ্ঠানিকভাবে টাকা গণনার কাজ শুরু হয়।
স্থানীয়দের ভাষ্য, দেশের অন্যতম ঐতিহাসিক ও নান্দনিক স্থাপত্য নিদর্শন হিসেবে পরিচিত কুসুম্বা শাহি মসজিদে প্রতিদিনই বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থী ও মুসল্লিরা আসেন। অনেকেই মানত বা দান হিসেবে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী দানবাক্সে জমা রাখেন। প্রতি তিন মাস পরপর নির্ধারিত নিয়মে দানবাক্স খুলে এসব অর্থ গণনা করা হয়।
এবার দানবাক্সে মোট ১২ লাখ ৮৭ হাজার ৪৪৪ টাকা পাওয়া গেছে। নগদ অর্থের পাশাপাশি বিভিন্ন স্বর্ণালঙ্কার, একটি স্বর্ণের চামচ এবং ভারত ও মালয়েশিয়ার কিছু বৈদেশিক মুদ্রাও উদ্ধার করা হয়েছে।
দানবাক্স খোলার সময় মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, মসজিদের ইমাম, খাদেম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু জানান, দানবাক্স থেকে পাওয়া অর্থ ও স্বর্ণালঙ্কারের হিসাব স্বচ্ছভাবে সংরক্ষণ করা হবে। এসব অর্থ মসজিদের রক্ষণাবেক্ষণ, উন্নয়নমূলক কার্যক্রম এবং ধর্মীয় কাজে ব্যয় করা হবে। পাশাপাশি ঐতিহাসিক এই প্রত্নতাত্ত্বিক স্থাপনার সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ অব্যাহত থাকবে।



