খেলাধুলাফুটবল

দুর্দান্ত প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল আর্জেন্টিনা। তবে শেষ মুহূর্তে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এর মধ্য দিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের লড়াইয়ে ওঠার কৃতিত্ব দেখিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

ম্যাচের শুরুতেই ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসনকে ঘিরে একটি ফাউলের ঘটনায় দুই দলের খেলোয়াড়দের মধ্যে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে রেফারির দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

৩৫তম মিনিটে বিপজ্জনক একটি ফ্রি-কিক থেকে গোলের সুযোগ তৈরি করলেও আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন। প্রথমার্ধজুড়ে দুই দলই শারীরিক লড়াইয়ে বেশ আক্রমণাত্মক ছিল। এ সময় মোট ১৯টি ফাউল হয়—এর মধ্যে আর্জেন্টিনা ১২টি এবং ইংল্যান্ড ৭টি ফাউল করে। কোনো দলই অন টার্গেটে শট নিতে না পারায় গোলশূন্য সমতায় বিরতিতে যায় তারা।

বিরতির পর ৫৫তম মিনিটে ডান প্রান্ত থেকে মরগান রজার্সের নিখুঁত ক্রসে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে শেষ দিকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় আর্জেন্টিনা। ৮৪তম মিনিটে সমতায় ফেরার পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লিওনেল মেসির ক্রস থেকে দারুণ এক হেডে জয়সূচক গোল করেন লাওতারো মার্টিনেজ। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button