আন্তর্জাতিক

মক্কায় দুর্লভ কোরআনের পান্ডুলিপি প্রদর্শনী

বাংলা টিভি ডেস্ক: পবিত্র মক্কার ইকরাম প্রদর্শনীতে দর্শনার্থীদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে প্রায় এক হাজার বছরেরও বেশি পুরোনো পবিত্র কোরআনের একটি দুর্লভ পাণ্ডুলিপি। সৌদি আরবের পবিত্র দুই মসজিদের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সির উদ্যোগে মক্কার কিং আবদুল আজিজ ওয়াকফ প্রাঙ্গণে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

প্রদর্শনীতে স্থান পাওয়া এই ঐতিহাসিক পাণ্ডুলিপিটি ইতিহাসখ্যাত ক্যালিগ্রাফার আলি বিন হিলাল, যিনি ইবনে আল-বাওয়াব নামে অধিক পরিচিত, তাঁর হাতে লেখা। যুগে যুগে মুসলিম উম্মাহর পবিত্র কোরআনের প্রতি গভীর শ্রদ্ধা, সংরক্ষণ এবং যত্নের অনন্য নিদর্শন হিসেবে এটি বিশেষ গুরুত্ব বহন করছে।

দর্শনার্থীদের জন্য মূল পাণ্ডুলিপির পাশাপাশি এর পাতার ক্যালিগ্রাফি, অলংকরণ এবং শিল্পশৈলীর ওপর একটি একাডেমিক বিশ্লেষণ ও তথ্যসূচকও প্রদর্শন করা হচ্ছে। এর মাধ্যমে তারা শুধু পাণ্ডুলিপিটির ঐতিহাসিক ও নান্দনিক মূল্যই নয়, বরং শতাব্দীর পর শতাব্দী ধরে আরবি ক্যালিগ্রাফি ও ইসলামিক অলংকরণশিল্পের বিকাশ সম্পর্কেও ধারণা লাভ করছেন।

বিশেষজ্ঞদের মতে, অসাধারণ একাডেমিক, শৈল্পিক ও ঐতিহাসিক গুরুত্বের কারণে এই পাণ্ডুলিপিটি বিশ্বের অন্যতম বিরল ইসলামিক নিদর্শন। বর্তমানে এর মাত্র দুটি কপি টিকে রয়েছে বলে জানা যায়, যা পবিত্র কোরআনের সংরক্ষণে মুসলিম সভ্যতার ঐতিহাসিক যত্ন ও মর্যাদার উজ্জ্বল সাক্ষ্য বহন করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button