আর্জেন্টিনার জয়ে আনন্দ মিছিলের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: নেত্রকোনা শহরে আর্জেন্টিনার জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম দীপ্ত চৌধুরী (২৬)।
বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে শহরের শহীদ মিনার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দীপ্ত শহরের মালনী এলাকার বাসিন্দা বাদল চৌধুরীর একমাত্র ছেলে।
প্রত্যক্ষদর্শী ও দীপ্তের বন্ধু জুবায়ের আহমেদ সাজিদ জানান, ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ের পর সমর্থকেরা শহরের বিভিন্ন এলাকা থেকে শহীদ মিনার মোড়ে জড়ো হয়ে আনন্দ উদযাপন করছিলেন। এ সময় দীপ্ত বিজয় উদযাপনের ছবি ও ভিডিও ধারণের জন্য শহীদ মিনার মোড়ের সিঙ্গার শোরুমের পাশের একটি তিনতলা ভবনের ছাদে ওঠেন।
ভিডিও ধারণের একপর্যায়ে তিনি বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



