বাংলাদেশ

কচুরিপানার নিচে ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না দুই গরু চোরের

বাংলা টিভি ডেস্ক: নাটোরের সিংড়ায় পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় জলাশয়ে ঝাঁপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়ে থাকা দুই চোরকে প্রায় ৯ ঘণ্টা পর আটক করেছে এলাকাবাসী। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার চৌগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন—ময়মনসিংহের নান্দাইল উপজেলার বেতাকুড়-আতারামপুর এলাকার কুদরত আলীর ছেলে হাবিবুর রহমান (৪২) এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মইপুর গোপালপুর এলাকার মোস্তাকের ছেলে ফেরদৌস (২৬)।

পুলিশ জানায়, নওগাঁর রানীনগর থানায় গত ১০ জুলাই একটি গরুচুরির মামলা হয়। ওই মামলার তদন্তে র‍্যাব আজমত দেওয়ানের ছেলে আসলাম দেওয়ানকে আটক করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার চৌগ্রাম এলাকায় চেকপোস্ট বসায় রানীনগর থানা পুলিশ।

এ সময় একটি মিনিট্রাকে করে আন্তঃজেলা গরুচোর চক্রের কয়েকজন সদস্য সেখানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিলে চক্রের দুই সদস্য পাশের একটি কচুরিপানায় ভরা খালে ঝাঁপ দিয়ে আত্মগোপন করেন।

স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে জলাশয়টি ঘিরে ফেলেন। দীর্ঘ সময় কচুরিপানার নিচে লুকিয়ে থাকার পর অবশেষে তারা বের হয়ে এলে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, আটক দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা করা হবে। পাশাপাশি রানীনগর থানা পুলিশও তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখাবে। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানান, আটক দুই ব্যক্তিকে প্রথমে প্রশাসনের হেফাজতে নেওয়া হয় এবং পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button