অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: নারী শিক্ষার প্রসারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তাঁর নেতৃত্বাধীন সরকার দেশের মেয়েদের শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণে কাজ করবে। তিনি জানান, অনার্স পর্যায় পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়া সরকার পরিচালনার দায়িত্বে থাকাকালে মেয়েদের শিক্ষাকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ আরও সহজ করতে কাজ করবে। তিনি জানান, প্রাথমিক পর্যায়ের মতো উচ্চশিক্ষায় ভালো ফলাফল করা মেয়েদের জন্যও স্কলারশিপ চালুর পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষার উন্নয়নে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পর্যায়ক্রমে নতুন স্কুল ড্রেস দেওয়া হবে। পাশাপাশি শিশুদের পুষ্টি নিশ্চিত করতে মিড-ডে মিল কার্যক্রম নিয়েও সরকার কাজ করছে।
দেশের প্রাথমিক শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিশুরা যেন মানবিক মূল্যবোধ নিয়ে বেড়ে ওঠে, সে দায়িত্ব শিক্ষকদের। কোনো শিশুর মধ্যে যেন নিষ্ঠুরতা তৈরি না হয়—মানুষ, প্রাণী বা পরিবেশের প্রতি সহমর্মিতা শেখানোর ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, মানবিক শিক্ষার মাধ্যমেই একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। সূচনা বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় নির্বাচিত সেরা শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে পদক দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতিও মনোযোগ দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি শিক্ষার্থীদের প্রতি বছর একটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়ে বলেন, গাছ যেমন বড় হবে, তেমনি তাদের জীবনও বিকশিত হবে।
এ ছাড়া ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এর আগে বৃক্ষরোপণের মাধ্যমে তিনি কর্মসূচিটির উদ্বোধন করেন। এ সময় তিনি শিশুদের নিজেদের স্কুল পরিষ্কার রাখা এবং ছোট ছোট কাজে একে অপরকে সহযোগিতা করার আহ্বান জানান।



