রংপুরে বিএনপি নেতার সহযোগিতায় গণ-সুন্নতে খতনা

বাংলা টিভি ডেস্ক: রংপুর মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডে অসহায় ও নিম্নআয়ের পরিবারের শতাধিক শিশুর বিনা মূল্যে সুন্নতে খতনার আয়োজন করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) জুম্মাপাড়ার করিমিয়া মাদ্রাসা সংলগ্ন সাবেক কাউন্সিলর কার্যালয়ে দিনব্যাপী এ সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জুম্মাপাড়া সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে এবং সাবেক কমিশনার মরহুম ছোট মুসলিমের স্মরণে টানা দশমবারের মতো এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১১টায় কর্মসূচির উদ্বোধন করেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান মো. শামসুজ্জামান সামু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, জেলা বিএনপির সদস্য এবং কর্মসূচির সার্বিক ব্যবস্থাপক মো. লিটন পারভেজ।
আয়োজকদের তথ্য অনুযায়ী, দিনব্যাপী এ কার্যক্রমে এলাকার অন্তত ১০০ জন সুবিধাবঞ্চিত শিশুর সুন্নতে খতনা সম্পন্ন করা হয়। পাশাপাশি প্রতিটি শিশুর জন্য লুঙ্গি, গেঞ্জি, গামছা এবং প্রয়োজনীয় ওষুধ বিনা মূল্যে প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিশুদের জন্য এমন জনকল্যাণমূলক উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে। তারা ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী, জাসদের রংপুর জেলা শাখার আহ্বায়ক মো. নুরুজ্জামান মানিক, জেলা যুবদলের সহসভাপতি মো. বিপ্লব হোসেন বিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাপোলো চৌধুরী এবং দেউতি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা মো. রাশেদুল ইসলাম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।



