বাংলাদেশপ্রধানমন্ত্রী

যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

বাংলা টিভি ডেস্ক: ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে পৌঁছান। সেখানে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের জন্য নির্ধারিত টেবিলগুলোতে গিয়ে তিনি একে একে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়।

ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ৪১টি রাজনৈতিক দলের নেতাদের এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং আন্দোলনের সময় গঠিত লিয়াজোঁ কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠনের পর যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে এটি ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

অনুষ্ঠানে গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট, গণতান্ত্রিক বাম জোট, ইসলামী ঐক্যজোটসহ বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button