বাংলাদেশ

পরকীয়ার টানে স্বর্ণালংকার ও টাকা নিয়ে ভাতিজার সঙ্গে উধাও গৃহবধূ

বাংলা টিভি ডেস্ক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিবেশী এক যুবকের (সম্পর্কে ভাতিজা) সঙ্গে এক গৃহবধূ পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২১ জুলাই) ওই গৃহবধূর স্বামী মণীন্দ্র চন্দ্র দে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের বৃন্দস্থান গ্রামে এ ঘটনা ঘটে।

মণীন্দ্র চন্দ্র দে জানান, ঝর্ণা রানীর সঙ্গে তার সাত বছরের দাম্পত্য জীবন। তাদের সংসারে ৬ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। তিনি বলেন, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে একটি হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন তিনি। এ সুযোগে প্রতিবেশী রুদ্র চন্দ্র দের সঙ্গে তার স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। গত ১ জুলাই স্ত্রী ঝর্ণা রানী প্রতিবেশী রুদ্র চন্দ্র দের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান।

তিনি দাবি করেন, এ সময় ঝর্ণা রানী ঘর থেকে প্রায় ২ ভরি স্বর্ণালংকার ও ৪৫ হাজার টাকা নিয়ে চলে যান।

মণীন্দ্র জানান, এর আগে বিষয়টি জানতে পেরে তিনি স্ত্রীকে সতর্ক করার পাশাপাশি রুদ্রের পরিবারকেও অবহিত করেছিলেন। এদিকে রুদ্রের পরিবারের দাবি, মোবাইল ফোনের মাধ্যমে ঝর্ণা রানী দের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের ভাষ্য, ঝর্ণা রানী তার স্বামীকে ডিভোর্স দিয়েছেন বলে তারা জেনেছেন। তবে এ ধরনের কোনো প্রমাণপত্র পাওয়া যায়নি।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button